ভোটের মুখে বাংলার ভাগ্যবদল! ৪০০০ কোটির উপহার নিয়ে মোদির মেগা সফর, তালিকায় কী কী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের বঙ্গ সফরে মালদহ ও সিঙ্গুরে ৪ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সফরের প্রথম দিন মালদহে তিনি দেশের প্রথম হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু করবেন। এছাড়া ৩,২৫০ কোটি টাকার রেল ও সড়ক পরিকাঠামো উন্নয়নসহ বালুরঘাট-হিলি নতুন রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চারটি নতুন বন্দে ভারত ট্রেনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরের দ্বিতীয় দিন হুগলির সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার প্রকল্পের ডালি সাজিয়ে দেবেন মোদি। এর মধ্যে বলাগড়ে বন্দর গেট সিস্টেম এবং তারকেশ্বর-বিষ্ণুপুর প্রকল্পের অংশ হিসেবে জয়রামবাটি-ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন অন্যতম। এই নতুন ট্রেন পরিষেবার ফলে বাঁকুড়াবাসী সরাসরি রেল সংযোগের সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর এই হাই-ভোল্টেজ সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা তুঙ্গে রয়েছে।