৪৪-এও ফেডেরার ম্যাজিক! মেলবোর্ন পার্কে বিশ্বসেরা তারকাকে হারিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন কিংবদন্তির

৪৪ বছর বয়সেও রজার ফেডেরারের ধার কমেনি এতটুকু। ২০২২ সালে অবসর নেওয়ার পর প্রথমবার মেলবোর্ন পার্কে ফিরেই টেনিস বিশ্বকে চমকে দিলেন এই সুইস কিংবদন্তি। রড লেভার এরিনায় এক প্রদর্শনী ম্যাচে বর্তমানে বিশ্বের ১২ নম্বর তারকা ক্যাসপার রাডকে টাই-ব্রেকারে হারিয়ে ফেডেরার প্রমাণ করলেন, তাঁর শৈল্পিক শট আর রাজকীয় ফুটওয়ার্ক এখনও অপরাজেয়। ফেডেরারের সেই চিরচেনা এক হাতের ব্যাকহ্যান্ড দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি।
রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্ব শুরুর আগে শনিবার মেলবোর্নে বসছে তারকাদের মেলা। সেখানে ফেডেরারের সঙ্গে থাকছেন আন্দ্রে আগাসি ও লিটন হিউইটের মতো কিংবদন্তিরা। রাডের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফেডেরার বুঝিয়ে দিলেন, টেনিস কোর্টে তিনি আজও অনবদ্য। প্রিয় তারকাকে স্বমহিমায় দেখে টেনিস অনুরাগীদের মধ্যে এখন প্রবল উন্মাদনা বিরাজ করছে, যা আসন্ন টুর্নামেন্টের জৌলুস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।