কেকের লেখায় চমক, জন্মদিনে কিয়ারার থেকে সেরা উপহার পেলেন ‘সারায়ার বাবা’ সিদ্ধার্থ!

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ৪১তম জন্মদিনে নজর কাড়লেন তাঁর স্ত্রী কিয়ারা আডভানি। মাঝরাতে ঘনিষ্ঠ আয়োজনে স্বামীর বিশেষ দিনটি উদযাপন করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কেক কাটার আগে কিয়ারাকে জড়িয়ে ধরেন সিদ্ধার্থ। অনুষ্ঠানে করণ জোহর ও মণীশ মালহোত্রার উপস্থিতি আনন্দ আরও বাড়িয়ে দেয়। তবে সবার নজর কেড়েছে চকোলেট কেকের ওপর লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’ ও ‘ড্যাডি কুল’ বার্তাটি।
বিয়ের দুই বছর পর মেয়ে সারায়াকে নিয়ে এটিই সিদ্ধার্থের প্রথম জন্মদিন। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কিয়ারা বর্তমানে ব্যক্তিগত জীবন উপভোগ করছেন। জন্মদিনের বার্তায় তিনি সিদ্ধার্থকে ‘সবচেয়ে সুন্দর বাবা’ হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, ২০২৩ সালে রাজস্থানে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতি বর্তমানে তাঁদের নতুন অভিভাবকত্ব ও পারিবারিক মুহূর্তগুলো একান্তে কাটাতেই বেশি পছন্দ করছেন।