শুনানির আগেই এসআইআর আতঙ্ক: ধূপগুড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য
January 16, 20268:16 pm

ধূপগুড়ি ব্লকের কুর্শামারি এলাকায় এসআইআর (SIR) শুনানির জেরে সৃষ্ট আতঙ্কে এক যুবকের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত যুবকের নাম রামপ্রসাদ মন্ডল (৩৮)। পরিবারের দাবি, শুক্রবার শুনানির নির্ধারিত দিন থাকলেও তার আগেই চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। প্রয়োজনীয় নথি জোগাড় করা সত্ত্বেও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে মানসিক চাপে ছিলেন রামপ্রসাদ।
শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ডাউকিমারী ফাঁড়ির পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই রামপ্রসাদ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।