বিস্ফোরক শমীক! দিল্লি বা রাজভবন নয়, গ্রাউন্ড জিরোর পরিস্থিতি দেখতে কড়া বার্তা নির্বাচন কমিশনার ও রাজ্যপালকে

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক অশান্তি ও এসআইআর ইস্যু নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সাফ জানান, এসি ঘরে বসে রিপোর্ট পড়ে বাংলার প্রকৃত অবস্থা বোঝা আসাম্ভব। ফারাক্কা ও চাকুলিয়ার ঘটনার প্রেক্ষিতে তাঁর দাবি, রাজ্যপাল ও কমিশনারকে সরাসরি মুর্শিদাবাদ বা গোয়ালপোখরের মতো এলাকায় গিয়ে জনমানসের ক্ষোভ ও বাস্তব পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে হবে।
রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার তীব্র সমালোচনা করে শমীক অভিযোগ করেন, বর্তমানে পশ্চিমবঙ্গ ভারতবিরোধীদের ‘সেফ হোম’-এ পরিণত হয়েছে। তৃণমূলের মদতেই রাজ্যে দাঙ্গামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তিনি দাবি তোলেন। ভোটার তালিকায় কারচুপি এবং বিএলও-দের ওপর হামলার ঘটনায় কমিশন ব্যর্থ হলে সাংবিধানিক সংকট তৈরি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই অচলাবস্থা নিরসনে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন যে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে রাজপথেই নামতে হবে।