কমিশনের নির্দেশের পাল্টা চাল নবান্নের, ৫ আধিকারিককে বাঁচাতে মরিয়া রাজ্য!

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে রাজ্যের চার আধিকারিক ও এক কর্মীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে সেই নির্দেশ প্রত্যাহারের আর্জি জানাল নবান্ন। রাজ্যের দাবি, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অবস্থায় ফৌজদারি মামলা দায়ের করা হলে তা ‘লঘু পাপে গুরু দণ্ড’ হয়ে যাবে বলে কমিশনের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে স্বরাষ্ট্র দপ্তর।
এই ঘটনাকে কেন্দ্র করে নবান্ন ও কমিশনের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আধিকারিকদের অভয় দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। নবান্ন শুরুতে সাসপেন্ড করার কথা বললেও শেষ পর্যন্ত এফআইআর না করায় সরাসরি জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেয় কমিশন। এখন দেখার, রাজ্যের এই নতুন আর্জিতে কমিশন তাদের কঠোর অবস্থান থেকে পিছু হটে কি না।