রাতারাতি স্টার ৮০ বছরের বৃদ্ধ! শুভাশিস-খরাজদের ‘ফনীবাবু ভাইরাল’ কি পারবে সমাজের চোখ খুলতে?

ডিজিটাল যুগে ভাইরাল হওয়ার উন্মাদনা নিয়ে বড়পর্দায় আসছে পরিচালক রাজু মজুমদারের নতুন ছবি ‘ফনীবাবু ভাইরাল’। আদিকা প্রোডাকশন্সের এই ছবিতে গ্রামের আশির কোঠার বৃদ্ধ ফনী ঘোষের রাতারাতি স্টার হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। জীবন সায়াহ্নে এসে পরিবারের কাছে ‘বোঝা’ হয়ে যাওয়া এক মানুষের রিল বনাম রিয়েল লাইফের টানাপোড়েনই এই সিনেমার মূল উপজীব্য। শুভাশিস মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকের মতো একঝাঁক তারকা অভিনীত এই ছবি আধুনিক সমাজের অবক্ষয়কে মজার ছলে ফুটিয়ে তুলবে।
লকডাউনের সময় মাথায় আসা এই ভাবনাকে পরিচালক রাজু মজুমদার একটি সামাজিক দর্পণের রূপ দিয়েছেন। স্মার্টফোনের নেশায় বুঁদ প্রজন্মের কাছে সম্পর্কের মূল্যবোধ আর সুপ্ত অবহেলার বাস্তব চিত্রটিই এখানে মুখ্য। ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন সমীধ ও দেবদীপ মুখার্জি, আর নেপথ্য কণ্ঠে শোনা যাবে রূপঙ্কর বাগচীর মতো শিল্পীদের। ডিজিটাল দুনিয়ার চাকচিক্য আর বাস্তব জীবনের রূঢ় সংঘাত নিয়ে তৈরি ‘ফনীবাবু ভাইরাল’ দর্শকদের হাসানোর পাশাপাশি নতুন করে ভাবাবে বলে আশা করছে পুরো টিম।