‘আমরা আপনার কাস্টডিতে’, প্রধান বিচারপতির সামনেই কেন এমন বললেন মমতা?

জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতির উপস্থিতিতেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, মামলার চূড়ান্ত রায়ের আগেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানুষের মানহানি করা হচ্ছে। গণতন্ত্র, সংবিধান এবং দেশের ইতিহাস-ঐতিহ্যকে রক্ষার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, “আমরা আপনার কাস্টডিতে আছি, সাধারণ মানুষকে রক্ষা করুন।”
অনুষ্ঠানে কেন্দ্রীয় আইনমন্ত্রীর উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্র ফান্ড বন্ধ করলেও রাজ্য সরকার নিজস্ব অর্থায়নে ৮৮টি ফাস্ট-ট্র্যাক কোর্ট ও সার্কিট বেঞ্চের আধুনিক পরিকাঠামো তৈরি করেছে। ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের উদ্বোধনী মঞ্চ থেকে তিনি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় রাখা এবং জুনিয়র আইনজীবীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। বিচার বিভাগ ও সংবিধানের মর্যাদা রক্ষায় আদালতের হস্তক্ষেপই এখন সাধারণ মানুষের শেষ ভরসা বলে তিনি উল্লেখ করেন।