ভাড়া বাড়িতে আর কতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার নিজের পাকা বাড়ির স্বপ্ন হবে সত্যি

দেশের সাধারণ মানুষের নিজের বাড়ির স্বপ্নপূরণ করতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের অধীনে সমতল এলাকার বাসিন্দারা ১.২০ লক্ষ টাকা এবং পাহাড়ি এলাকার জন্য ১.৩০ লক্ষ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে ছাদের জন্য অতিরিক্ত ৫০,০০০ টাকা এবং শৌচাগার নির্মাণের জন্য ১২,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। ১৮ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক, যাঁর নিজস্ব কোনো পাকা বাড়ি নেই এবং বিপিএল তালিকায় নাম রয়েছে, তাঁরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
তবে এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীর মাসিক আয় ১০,০০০ টাকার কম হতে হবে। সরকারি চাকরিজীবী, আয়করদাতা অথবা যাঁদের নিজস্ব তিন বা চার চাকার যান ও আড়াই একরের বেশি চাষযোগ্য জমি রয়েছে, তাঁরা এই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। আবেদন করার জন্য আধার কার্ড, আয়ের শংসাপত্র, ব্যাঙ্ক পাসবই এবং নিজস্ব বাড়ি নেই মর্মে একটি হলফনামা জমা দিতে হবে। স্বচ্ছ ভারত অভিযান ও ১০০ দিনের কাজের প্রকল্পের সুবিধাও এই আবাসন প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে যাতে দরিদ্র পরিবারগুলো সুফল পায়।