মাঝ আকাশে নাগরদোলা ভেঙে ভয়াবহ দুর্ঘটনা: হুড়মুড়িয়ে পড়ল ১৪ পড়ুয়া, এলাকায় তীব্র আতঙ্ক
January 20, 20268:58 pm

মধ্যপ্রদেশের ঝাবুওয়া জেলায় স্কুল ছুটির পর মেলায় আনন্দ করতে গিয়ে চরম বিপত্তির মুখে পড়ল ১৪ জন শিক্ষার্থী। স্থানীয় ‘মহারাজ নো মেলো’ মেলায় একটি নাগরদোলা মাঝপথেই ভেঙে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জন ছাত্রী ও একজন ছাত্র রয়েছে, যাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটি ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা। বর্তমানে দুই ছাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের অবস্থাও স্থিতিশীল নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং মেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।