ভুল তথ্যের নোটিশেই বিপত্তি! মুর্শিদাবাদে আতঙ্কে বৃদ্ধের করুণ মৃত্যু
January 20, 20268:59 pm

মুর্শিদাবাদের জলঙ্গিতে এসআইআর নোটিশের জেরে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ৫২ বছর বয়সী আকসত আলি মণ্ডলের পাঁচ ছেলেই কর্মসূত্রে ভিনরাজ্যে ও বিদেশে থাকেন। সম্প্রতি ব্লক অফিস থেকে আসা নোটিশে ছেলের সংখ্যা ভুল করে ছয়ের বেশি উল্লেখ করা হয়। এই ভুল তথ্য এবং শুনানিতে ছেলেদের উপস্থিত করা নিয়ে চরম দুশ্চিন্তায় ভেঙে পড়েন তিনি।
পরিবারের দাবি, এই মানসিক চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হন আকসত আলি। স্থানীয় সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রশাসনের এই ভুলে এক নিরীহ প্রাণ হারানোয় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও হয়রানি বন্ধের দাবি তুলেছেন স্থানীয় নেতৃত্ব।