‘আবার জেল খাটতে হলেও ভয় পাই না’, বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ অনুব্রতর

বীরভূমের রাজনীতির আঙিনায় প্রত্যাবর্তনের পর মেজাজ হারাননি তিনি, বরং স্বমহিমায় ধরা দিলেন অনুব্রত মণ্ডল। জামিনে মুক্তির পর বেশ কিছু জনসভা করলেও, মঙ্গলবার হাসনের মঞ্চ থেকে প্রথমবার নিজের জেলজীবন নিয়ে মুখ খুললেন তৃণমূলের এই দাপুটে নেতা। বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জেল খাটিয়ে তাঁকে দমানো যাবে না।
হাসনের জনসভা থেকে অনুব্রত বলেন, “সিপিএমকে তাড়িয়েছি, তোমাদেরও তাড়াব। কী করবে? জেল খাটাবে? আড়াই বছর তো জেল খাটিয়েছ। আবার যদি জেল খাটতে হয় খাটব।” কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনি আরও যোগ করেন, “আমার লজ্জা লাগবে না। কারণ আমি কোনও অন্যায় করছি না।”
দীর্ঘদিন পর অনুব্রতর মুখে এমন ‘চেনা মেজাজ’ শুনে উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বীরভূমে সংগঠনের রাশ যে তাঁর হাতেই থাকছে, এই মন্তব্যের মাধ্যমে সেই বার্তাই দিলেন ‘কেষ্ট’।