এক ঘণ্টা বসিয়ে রাখায় চরম ক্ষুব্ধ! ‘ও রোমিও’র ট্রেলার লঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন নানা পাটেকর
January 22, 20261:24 pm

শাহিদ কাপুরের নতুন ছবি ‘ও রোমিও’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বিশৃঙ্খলা। অনুষ্ঠান শুরু হতে এক ঘণ্টা দেরি হওয়ায় মেজাজ হারিয়ে মঞ্চ ছাড়েন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। যাওয়ার আগে সাফ জানিয়ে দেন, দীর্ঘ প্রতীক্ষা তাঁর না-পছন্দ। বর্ষীয়ান অভিনেতার এমন আচমকা প্রস্থানে উপস্থিত সাংবাদিক ও কলাকুশলীদের মধ্যে শোরগোল পড়ে যায়।
এই ঘটনায় পরিচালক বিশাল ভরদ্বাজ অবশ্য ক্ষুব্ধ নন। ২৭ বছরের বন্ধুত্বের খাতিরে তিনি জানান, এটিই নানার স্বভাবজাত বৈশিষ্ট্য এবং তাঁর ‘সিগনেচার স্টাইল’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ অভিনেতার স্পষ্টবাদিতার প্রশংসা করেছেন, আবার কেউ বিষয়টিকে প্রচারের কৌশল হিসেবে দেখছেন।