হলিউডকেও টেক্কা দেবে আমির খানের ‘মহাভারত’, এআর রহমানের বিতর্কের মাঝেই বড় ঘোষণা

বলিউডে ধর্মীয় মেরুকরণ ও এআর রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখনই নিজের স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’ নিয়ে বড় আপডেট দিলেন আমির খান। প্রায় দেড় দশক ধরে এই মহাকাব্যকে রূপালি পর্দায় আনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অভিনেতার দাবি, এটি কেবল একটি সিনেমা নয় বরং এক বিশাল গুরুদায়িত্ব। হলিউডের ‘লর্ড অফ দ্য রিংস’ বা ‘অবতার’-এর মতো কালজয়ী সিনেমাগুলোকেও আমিরের এই প্রজেক্ট ছাপিয়ে যাবে বলে তিনি মনে করেন।
আমির খান জানান, মহাভারতের গল্প ভারতীয়দের রক্তে মিশে আছে, তাই একে সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তোলা জরুরি। বড় কোনো তারকাকে কাস্ট না করে বরং চিত্রনাট্যের গভীরতা ও বিশ্বমানের নির্মাণশৈলীর ওপর জোর দিচ্ছেন তিনি। প্রকাণ্ড এই মহাকাব্যকে তুলে ধরতে সিনেমাটি একাধিক সিরিজে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। দীর্ঘদিনের ফ্লপ কেরিয়ারের মোড় ঘোরাতে এই মেগা প্রজেক্টটিই এখন আমিরের তুরুপের তাস।