১০ কোটি খরচে ‘বইতীর্থ’, বইমেলায় ৯ বইপ্রকাশ করে ঘোষণা মমতার

১০ কোটি খরচে ‘বইতীর্থ’, বইমেলায় ৯ বইপ্রকাশ করে ঘোষণা মমতার

কলকাতা: ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রথা মেনে ৪৯ বার ঘণ্টা বাজিয়ে মেলার সূচনা করেন তিনি। উদ্বোধনী মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী বছর বইমেলার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তৈরি করা হবে স্থায়ী ‘বইতীর্থ’। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ কোটি টাকা বরাদ্দের কথা জানান তিনি। গিল্ড কর্তৃপক্ষকে দ্রুত আবেদন করার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী বছর ৫০তম বর্ষে বই প্রাঙ্গনের সাথেই আমি বইতীর্থ দেখতে চাই।”

প্রতি বছরের মতো এবারও বইমেলায় নজর কেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখনী। এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তাঁর নিজের লেখা ৬টি বইয়ের উদ্বোধন করেন। পরে আরও ৩টি বই প্রকাশিত হবে। উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে— ‘SIR ছাব্বিশে ছাব্বিশ’, ‘আমার রেলবেলা’, ‘বাংলার প্রকৃতি মা’, ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’, ‘কথা ভাণ্ডার’ (প্রথম পর্ব) এবং ‘পুণ্যভূমির বাংলা’। প্রসঙ্গত, ‘SIR’ ইস্যুতে নিজের সৃষ্টিশীল প্রতিবাদের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হেলিকপ্টারে যাতায়াতের পথে মাত্র দু-তিন দিনেই তিনি ২৬টি কবিতা লিখেছেন, যা বই আকারে প্রকাশিত হচ্ছে। এর ফলে তাঁর লেখা মোট বইয়ের সংখ্যা দাঁড়াবে ১৬২।

উদ্বোধনী বক্তৃতায় রাজনৈতিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। এজেন্সি থেকে শুরু করে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উঠে আসে তাঁর গলায়। তবে বইমেলার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “বইমেলা কেবল কেনাবেচার জায়গা নয়, এটি জ্ঞান ও সংস্কৃতির মেলবন্ধন।” ছোট প্রকাশকদের পাশে থাকার আশ্বাস দিয়ে মেলায় আসা পাঠকদের স্বাগত জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *