ডিভোর্স না হতেই দ্বিতীয় বিয়ে? অভিনেতা-বিধায়ক হিরণের বিরুদ্ধে থানায় বিস্ফোরক স্ত্রী

বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিবাহবিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগে এফআইআর দায়ের করেছেন তাঁর স্ত্রী অনিন্দিতা। সম্প্রতি বারাণসীতে মডেল ঋতিকা গিরির সঙ্গে হিরণের সিঁদুরদানের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে এই বিতর্কের সূত্রপাত হয়। আনন্দপুর থানায় দায়ের করা অভিযোগে অনিন্দিতা জানিয়েছেন, ২০০০ সালে তাঁদের বিয়ে হলেও কোনো আইনি বিচ্ছেদ হয়নি, অথচ হিরণ গোপনে অন্য সম্পর্কে জড়িয়েছেন।
দীর্ঘ নীরবতা ভেঙে অনিন্দিতা ও তাঁদের কন্যা নিয়াসা সংবাদমাধ্যমের সামনে চরম মানসিক যন্ত্রণা ও সামাজিক অপমানের কথা তুলে ধরেছেন। তাঁদের দাবি, রাজনৈতিক ব্যস্ততার দোহাই দিয়ে হিরণ প্রকৃত সত্য আড়াল করেছিলেন। অন্যদিকে, ঋতিকা গিরি পাল্টা দাবিতে জানিয়েছেন যে বিচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে এবং তাঁরা পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও বিধায়ক হিরণ এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি।