বিস্ফোরক সিদ্ধান্ত আইসিসির: টি-২০ বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, খেলবে স্কটল্যান্ড!

আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিল আইসিসি। বাংলাদেশের তোলা নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় অভিযোগকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাটি সাফ জানিয়েছে, ভারতের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। দীর্ঘ তিন সপ্তাহের অভ্যন্তরীণ তদন্ত ও নিরপেক্ষ সংস্থার পর্যালোচনার পর আইসিসি এই কঠোর সিদ্ধান্তে পৌঁছেছে। এর ফলে বাংলাদেশের পরিবর্তে মূল আসরে খেলার সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড, যা ক্রিকেট বিশ্বে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিসিবির উদ্বেগ নিরসনে ভারত সরকারের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে, যেখানে কোনো বিশ্বাসযোগ্য ঝুঁকির প্রমাণ মেলেনি। এত কম সময়ে সূচি পরিবর্তন করা আসাম্ভব জানিয়ে আইসিসি বাংলাদেশের সমস্ত দাবি খারিজ করে দিয়েছে। বিশ্বকাপে অংশ না নেওয়ায় বিসিবিকে ভবিষ্যতে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই নজিরবিহীন সিদ্ধান্তে ওপার বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।