প্রসেনজিতের পালকিতে নতুন পালক! পদ্মশ্রী পাচ্ছেন বাংলার ১১ নক্ষত্র, আর কারা আছেন তালিকায়?

চলতি বছর পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে মোট ১৩১ জন এই স্বীকৃতি পেলেও পশ্চিমবঙ্গ থেকে এবার পদ্মবিভূষণ বা পদ্মভূষণ তালিকায় কারও নাম নেই। তবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বাংলার মোট ১১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। এই তালিকায় ১৯ জন নারী এবং ১৬ জনকে মরণোত্তর সম্মান জানানো হচ্ছে, যা জাতীয় স্তরে রাজ্যের সাংস্কৃতিক ও সামাজিক অবদানকে পুনরায় তুলে ধরেছে।
বাংলার ১১ জন প্রাপকের মধ্যে শিল্পকলা বিভাগেই আধিপত্য বেশি। প্রসেনজিৎ ছাড়াও শিল্পে হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর), জ্যোতিষ দেবনাথ, কুমার বোস, তরুণ ভট্টাচার্য ও তৃপ্তি মুখোপাধ্যায় পদ্মশ্রী পাচ্ছেন। সাহিত্য ও শিক্ষা বিভাগে অশোক কুমার হালদার, রবিলাল টুডু ও গবীর সিং ইওনজোন এবং চিকিৎসা ক্ষেত্রে বিশিষ্ট চিকিৎসক সরোজ মণ্ডল এই অনন্য সম্মানে ভূষিত হচ্ছেন। মূলত শিল্প, শিক্ষা ও চিকিৎসায় বাংলার এই জয়জয়কার রাজ্যবাসীর জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।