জার্সি নেই, মিলছে না স্পনসরও! অনিশ্চয়তার মুখে স্কটল্যান্ডের বিশ্বকাপ যাত্রা?

বিশ্বকাপের টিকিট হাতে পেলেও চরম সংকটে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। আইসিসির আকস্মিক আমন্ত্রণে সুযোগ মিললেও হাতে সময় মাত্র সাত দিন। বর্তমানে তাদের অনূর্ধ্ব-১৯ ও নারী দল সফরে থাকায় জনবল ও আর্থিক সংকটে হিমশিম খাচ্ছেন কর্তারা। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্পনসর ও বিশ্বকাপের জন্য নির্দিষ্ট জার্সি। হাতে সময় না থাকায় শেষ পর্যন্ত পুরনো জার্সি পরেই মাঠে নামার আশঙ্কা দেখা দিয়েছে।
এত প্রতিকূলতা সত্ত্বেও মাঠের লড়াইয়ে আত্মবিশ্বাসী স্কটিশরা। বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপগুলোতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিধর দেশগুলোকে হারিয়ে চমক দিয়েছিল তারা। বোর্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে মাঠের পারফরম্যান্সে ইউরোপের এই অ্যাসোসিয়েট দেশটি আবারও বিশ্বমঞ্চে বড় কোনো অঘটন ঘটাতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।