অতিরিক্ত উচ্চতার কারণে যে ৫টি স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন- ১ঝলক

অতিরিক্ত উচ্চতার কারণে যে ৫টি স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন- ১ঝলক

লম্বা মানুষ দেখলে সাধারণত অনেকেই তাদের প্রশংসা করেন। ভিড়ের মধ্যে আলাদা করে চোখে পড়া, ওপরের তাক থেকে অনায়াসে জিনিস নামানো কিংবা কিছু খেলাধুলায় বাড়তি সুবিধা সব মিলিয়ে উচ্চতাকে আমরা সাধারণত ইতিবাচকভাবেই দেখি। কিন্তু গবেষণা বলছে, লম্বা হওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ওপর কিছু অতিরিক্ত চাপও তৈরি হয়, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথসহ বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, উচ্চতার সঙ্গে হৃদ রোগ, অস্থিসন্ধি সমস্যা ও মেরুদণ্ডজনিত জটিলতার একটি সম্পর্ক রয়েছে। মানুষের ক্ষেত্রে বেশি দেখা যায় এমন পাঁচটি স্বাস্থ্যসমস্যা সম্পর্কে জেনে নেয়া যাক।

১. হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ

লম্বা মানুষের শরীর সাধারণত বড় হয় এবং রক্তনালিও হয় দীর্ঘ। ফলে হৃদযন্ত্রকে রক্ত পাম্প করতে হয় তুলনামূলক বেশি দূরত্বে। ইউরোপিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, লম্বা মানুষের মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ও ভেনাস থ্রম্বোএম্বোলিজম–এর মতো হার্ট সংক্রান্ত সমস্যার ঝুঁকি কিছুটা বেশি।

তবে বিশেষজ্ঞদের মতে, উচ্চতা একা কোনও রোগের কারণ নয়। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

২. হাঁটু, কোমর ও পিঠের ব্যথা

লম্বা মানুষদের নিয়ে সবচেয়ে প্রচলিত মন্তব্য, ‘তোমার নিশ্চয়ই পিঠে ব্যথা থাকে।’ বিষয়টা অনেক ক্ষেত্রে কথাটি সত্য। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজন ও নড়াচড়ার চাপ পড়ে হাঁটু, কোমর ও মেরুদণ্ডে। সময়ের সঙ্গে সঙ্গে এই অতিরিক্ত চাপ জয়েন্ট ক্ষয়, আগেভাগে আর্থ্রাইটিস ও দীর্ঘস্থায়ী পিঠে-ব্যথার কারণ হতে পারে।

৩. শ্বাসপ্রশ্বাসে সমস্যা

অনেকে ভাবেন, লম্বা মানুষের ফুসফুস বড় হওয়ায় শ্বাস নেয়ার ক্ষমতাও বেশি। বাস্তবে বিষয়টি এম নয়। লম্বা মানুষেরা অনেক সময় ঝুঁকে বসা বা কুঁজো হয়ে হাঁটার অভ্যাসে ভোগেন। এই ভুল ভঙ্গি বুকের স্বাভাবিক প্রসারণে বাধা সৃষ্টি করে। ফলে ফুসফুস সুস্থ থাকলেও শ্বাস নিতে কষ্ট হতে পারে, বিশেষ করে শারীরিক পরিশ্রমের সময়।

৪. খেলাধুলায় চোট লাগার ঝুঁকি

লম্বা মানেই দীর্ঘ হাত-পা। খেলাধুলায় এটি যেমন সুবিধা দেয়, তেমনি বিপদের কারণও হতে পারে। দীর্ঘ অঙ্গপ্রত্যঙ্গগুলো লিভারের মতো কাজ করে ফলে হঠাৎ দৌড়, লাফ বা মোচড় দিলে হাঁটু ও গোড়ালির লিগামেন্টে অতিরিক্ত চাপ পড়ে। এই কারণে লম্বা খেলোয়াড়দের মধ্যে লিগামেন্ট ইনজুরি, মাংসপেশির টান ও জয়েন্ট চোটের ঝুঁকি তুলনামূলক বেশি।

৫. মেরুদণ্ডের ডিস্ক ক্ষয় ও দীর্ঘস্থায়ী ব্যথা

লম্বা মানুষের মেরুদণ্ড স্বাভাবিকভাবেই দীর্ঘ হয় এবং সেটিকে বহন করতে হয় বেশি ওজন। তার ওপর দীর্ঘ সময় বসে কাজ করা, ভুল ভঙ্গিতে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার সব মিলিয়ে মেরুদণ্ডের মাঝের ডিস্কে চাপ বাড়ে। ফলাফল হিসেবে দেখা দিতে পারে ডিস্ক ড্যামেজ, নার্ভের সমস্যা ও দীর্ঘদিনের পিঠেব্যথা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উচ্চতা নিঃসন্দেহে একটি আশীর্বাদ কিন্তু সেটাই সব নয়। শরীরের যত্ন না নিলে লম্বা হওয়াটাই একসময় বোঝা হয়ে দাঁড়াতে পারে। সে কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন সঠিক ভঙ্গিতে বসা ও হাঁটার। সেই সঙ্গে নিয়মিত কোর স্ট্রেন্থ ব্যায়াম এবং জয়েন্ট ও পিঠের যত্ন নিতে হবে।

সূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *