রোজকার ক্লান্তির কারণ কি প্রোটিনের অভাব, সুস্থ থাকতে পাতে রাখুন এই খাবারগুলি

শরীরের সার্বিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট রাখতে প্রোটিন অপরিহার্য। শিশুদের দৈহিক বিকাশ থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের কর্মক্ষমতা বজায় রাখতে এই পুষ্টি উপাদানের জুড়ি নেই। শরীরে প্রোটিনের ঘাটতি হলে ক্লান্তি, পেশীর ব্যথা, চুল পড়া এবং দুর্বলতার মতো লক্ষণ দেখা দিতে পারে। সুস্থ থাকতে শরীরের ওজনের প্রতি কেজিতে গড়ে এক গ্রাম প্রোটিন গ্রহণ করা প্রয়োজন, যা ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত ও নতুন কোষ গঠনে সাহায্য করে।
দামি সাপ্লিমেন্ট নয় বরং আমাদের হাতের নাগালে থাকা ঘরোয়া খাবার থেকেই পর্যাপ্ত প্রোটিন পাওয়া সম্ভব। নিরামিষাশীদের জন্য ডাল, পনির, সয়াবিন, রাজমা এবং আমন্ড দারুণ উৎস। অন্যদিকে আমিষাশীরা ডিম, মুরগির মাংস বা মাছ খেয়ে অনায়াসেই প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। পুষ্টিবিদদের মতে, সারাদিনের প্রতিটি খাবারে অল্প অল্প করে প্রোটিন রাখলে তা শরীরের হজম প্রক্রিয়াকে সহজ করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।