বাংলার ১০ কোটি মানুষকে ‘বাংলাদেশি’ মনে করে কেন্দ্র? বিস্ফোরক অভিষেক! – এক ঝলক

একঝলক ডেস্ক:
কেন্দ্রীয় বাজেটে বাংলাকে চরম বঞ্চনার অভিযোগে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি নেতারা বাঙালিদের ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করার যে মানসিকতা পোষণ করেন, তারই প্রতিফলন ঘটেছে এই বাজেটে। শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প—কোনো ক্ষেত্রেই বাংলার জন্য কোনো বিশেষ বরাদ্দ বা আর্থিক প্যাকেজ ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এমনকি প্রস্তাবিত নিমহান্স ইনস্টিটিউট প্রতিবেশী রাজ্যগুলোতে হলেও বাংলার নাম বাদ পড়েছে।
অভিষেক আরও অভিযোগ করেন, এই বাজেট বাংলার কৃষক, শ্রমিক, আদিবাসী ও মৎস্যজীবীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। যুব সমাজের কর্মসংস্থান নিয়েও কোনো দিশা নেই। তাঁর মতে, বাংলাকে সুপরিকল্পিতভাবে বঞ্চিত করে দেশভাগের মানসিকতা চরিতার্থ করছে কেন্দ্র। বাংলার মানুষকে চিকিৎসা বা উচ্চশিক্ষার জন্য ভিনরাজ্যে পাঠানোর এই বৈষম্যমূলক নীতির তীব্র সমালোচনা করেছেন তিনি। এই বঞ্চনা বাংলার ১০ কোটি মানুষের অপমানের সামিল বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব।