প্রকাশ্য মঞ্চে সাধুর ওপর হামলা! মেদিনীপুরে চরম উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা – এক ঝলক

একঝলক ডেস্ক:
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে আরএসএস-এর ধর্মসভা চলাকালীন আর্য সমাজের সূর্যানন্দ মহারাজের ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ায় বাধা দিয়ে একদল যুবক মঞ্চে চড়াও হয় এবং মহারাজকে প্রাণে মারার চেষ্টা করে। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্তে নেমেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, মূল অভিযুক্ত জগন্নাথ মাইতিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভগবানপুর থানার পুলিশ। ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। রাজনৈতিক এই সংঘাতকে কেন্দ্র করে বর্তমানে থমথমে রয়েছে গোটা এলাকা।