মাধ্যমিক পরীক্ষার্থীদের মুশকিল আসান: পথে নামছে বাড়তি বাস, বিপদে পাশে কলকাতা পুলিশ!
February 2, 20268:48 am

রাজ্যের লক্ষাধিক পড়ুয়ার জীবনের প্রথম বড় পরীক্ষা নির্বিঘ্ন করতে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। পরীক্ষার্থীদের সহায়তায় কলকাতা পুলিশ চালু করেছে বিশেষ হেল্পলাইন নম্বর— ৯৪৩২৬২০০৩৯। যাতায়াতে সমস্যা, এমনকি ভুলবশত অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এলেও পুলিশ দ্রুত সহায়তায় এগিয়ে আসবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড়ে প্রস্তুত থাকবে অ্যাম্বুল্যান্স ও বিশেষ মেডিক্যাল টিম।
পরিবহণ ব্যবস্থার চাপ সামলাতে পরীক্ষার দিনগুলিতে ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত সরকারি বাস চলবে। সকাল ও দুপুরে পরীক্ষা শেষে এই বাড়তি পরিষেবা মিলবে। যানজট বা যান্ত্রিক গোলযোগ এড়াতে রাস্তায় মোতায়েন থাকবে বাড়তি পুলিশ বাহিনীও। মূলত পরীক্ষার্থীদের মানসিক চাপমুক্ত রেখে নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করাই প্রশাসনের এই বিশেষ উদ্যোগের লক্ষ্য।