নিঃশেষ হচ্ছে তেল, ভয়াবহ মানবিক সংকটের মুখে কিউবা: ট্রাম্পের চরম হুঁশিয়ারি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার মুখে কিউবার জ্বালানি সংকট এখন চরমে। ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হওয়ায় দেশটিতে বর্তমানে মাত্র ১৫ থেকে ২০ দিনের মজুত অবশিষ্ট রয়েছে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, কিউবার অর্থনীতি সচল রাখতে ওয়াশিংটনের সাথে চুক্তিতে আসা ছাড়া বিকল্প নেই। অন্যথায় কিউবায় পণ্য সরবরাহকারী দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
এই পরিস্থিতিকে ‘অসাধারণ হুমকি’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে কিউবা সরকার। মেক্সিকো ও রাশিয়ার মতো দেশগুলো মার্কিন এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে। বিশেষ করে হাসপাতাল ও খাদ্য সরবরাহের মতো মৌলিক সেবাগুলো তেলের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ওয়াশিংটনের সাথে কিউবা সমঝোতায় পৌঁছাবে কি না, এখন সেটিই দেখার বিষয়।