ফেব্রুয়ারির শুরুতে ফের নামল পারদ! কুয়াশার চাদরে ঢাকবে দুইবঙ্গ, জানুন আজ কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হঠাৎ কমেছে তাপমাত্রা, যার ফলে রাজ্যজুড়ে নতুন করে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে নামায় শীত ফেরার জল্পনা শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। দিনভর রোদ থাকলেও রাতে ও ভোরে শীতের আমেজ বজায় থাকবে।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট জারি থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে সমস্যার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ভোরে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। আপাতত বড় কোনো আবহাওয় পরিবর্তন না হলেও সকাল-রাতের এই ঠান্ডার আমেজ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।