বিডিও অফিস ভাঙচুর করে রাতারাতি ‘রবিন হুড’ বিধায়ক মনিরুল! নেপথ্যে কী কারণ? – এক ঝলক

একঝলক ডেস্ক:
ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কাঠগড়ায় উঠেছেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ তুলে তিনি অনুগামীদের নিয়ে তাণ্ডব চালান বলে জানা গেছে। যদিও এই ঘটনার পর অনুতপ্ত হয়ে তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। সেখানে তিনি জানান, সংবিধান ও আইনের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং অশান্তি ছড়ানো তাঁর উদ্দেশ্য ছিল না।
তবে আইনি জটিলতা থাকলেও এলাকায় মনিরুলের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সাধারণ মানুষের দাবিদাওয়া আদায়ে রুখে দাঁড়ানোয় স্থানীয়দের একাংশ তাঁকে ‘রবিন হুড’ হিসেবে দেখছেন। সাড়ে চার বছর বিধায়ক থাকলেও, এই ঘটনার পরেই তিনি প্রকৃত জননেতা হয়ে উঠেছেন বলে মনে করছেন মনিরুল স্বয়ং। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই ভোট থাকায় জনগণের এই ভাবাবেগকে হাতিয়ার করেই নিজের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছেন এই নেতা।