৯৫ বছরের বৃদ্ধ বাবার এই অবস্থার জন্য কমিশনই দায়ী! ক্ষোভে ফেটে পড়লেন রহিম নবি – এক ঝলক

একঝলক ডেস্ক:
রাজ্যে এসআইআর (SIR) শুনানির জেরে এবার গুরুতর অসুস্থ হয়ে আইসিইউ-তে ভর্তি হলেন ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার সৈয়দ রহিম নবির ৯৫ বছর বয়সী বৃদ্ধ বাবা। হুগলির পাণ্ডুয়ার বাড়িতে নোটিস পৌঁছানোর পরেই আতঙ্কিত হয়ে পড়েন অশীথিপর সৈয়দ মাহবুবন নবি। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার পরেও কেন এমন হেনস্থা, তা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ফুটবলার।
রহিম নবি স্পষ্ট জানান, ৯৫ বছর বয়সেও বাবাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। সম্প্রতি খোদ রহিম নবিকেও শুনানির জন্য তলব করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ফুটবলারের বাবার এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়েছে।