৫৮ লক্ষ নাম উধাও! ভোটের মুখে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা – এক ঝলক
February 3, 20268:59 pm

একঝলক ডেস্ক:
দিল্লির নিউ বঙ্গভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অবৈধভাবে প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে কমিশনকে ছয়টি চিঠি পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি বলে দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন করে কোনো পরিকাঠামো ছাড়াই তড়িঘড়ি এই প্রক্রিয়া চালানো হচ্ছে। আসামে এসআইআর না হওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।