বাংলার ভোটে বড় কারচুপি? নির্বাচন কমিশনের গোপন ‘চক্রান্ত’ ফাঁস করলেন অভিষেক! – এক ঝলক

একঝলক ডেস্ক:
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, নিয়ম ভেঙে শুধুমাত্র বাংলায় ৮,১০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। তাঁর অভিযোগ, ইআরও-দের ক্ষমতা খর্ব করে ‘পিছনের দরজা’ দিয়ে বিশেষ লগ-ইন আইডি ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। গুজরাট বা উত্তরপ্রদেশের মতো রাজ্যে এমন পর্যবেক্ষণ না থাকায় তিনি বৈষম্যের প্রশ্ন তোলেন।
অভিষেক আরও জানান, কমিশনের পোর্টালে সুকৌশলে এমন অপশন রাখা হয়েছে যাতে ভুল ক্লিকেই ভোটারের নাম মুছে যাচ্ছে। ভিডিও প্রমাণ হাতে থাকার দাবি জানিয়ে তিনি এই ‘কারচুপি’র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় এই এজেন্সির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি একে ১৪০ কোটি মানুষকে বিভ্রান্ত করার শামিল বলে অভিহিত করেন। বাংলার অধিকার রক্ষায় এই আইনি লড়াই চলবে বলে তিনি জানান।