পাক সেনার ঘুম ওড়াচ্ছে বালোচদের ২০ লাখি মার্কিন রাইফেল! বিস্ফোরক স্বীকারোক্তি প্রতিরক্ষামন্ত্রীর
February 4, 20264:13 pm

বালোচ বিদ্রোহীদের হাতে থাকা অত্যাধুনিক মার্কিন সমরাস্ত্র নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি জানান, বিদ্রোহীদের কাছে ২০ লাখ টাকার রাইফেল ও থার্মাল ইমেজিংয়ের মতো উন্নত প্রযুক্তি রয়েছে, যা পাক সেনার কাছেও নেই। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে বিশাল এই অঞ্চল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।
আসিফের দাবি, এই বিপুল পরিমাণ মারণাস্ত্র ও অর্থ আফগানিস্তান সীমান্ত দিয়ে বিদ্রোহীদের কাছে পৌঁছাচ্ছে। গত সপ্তাহে বালোচিস্তানের ১২টি স্থানে ভয়াবহ হামলার নেপথ্যে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ও টিটিপি-র মতো গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ উঠেছে। বিদেশি শক্তির মদতে পুষ্ট এই বিদ্রোহীদের মোকাবিলায় পাকিস্তান কার্যত দিশেহারা।