কেন্দ্রীয় মন্ত্রীর সফরের আগেই শান্তিপুরে ‘গাদ্দার’ পোস্টার, তুঙ্গে রাজনৈতিক তরজা

শান্তিপুরে বিজেপির তাঁত শিল্পী সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের যোগদানের আগেই শহরজুড়ে সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে ‘গাদ্দার’ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অনুষ্ঠানস্থলের কাছে এবং শহরের বিভিন্ন প্রান্তে এই পোস্টারগুলি নজরে আসতেই সক্রিয় হয় বিজেপি কর্মীরা। তাঁরা দ্রুত পোস্টারগুলি ছিঁড়ে ফেলেন এবং বেশ কিছু জায়গায় কালো কালি লেপে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
বিজেপি নেতৃত্ব এই ঘটনার জন্য শাসকদল তৃণমূলকে দায়ী করলেও তারা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। রাত্রীবেলায় কারা এই পোস্টার লাগিয়েছে, তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য পুলিশের হস্তক্ষেপ দাবি করেছে গেরুয়া শিবির। দলের দাবি, আসন্ন নির্বাচনের আগে এটি রাজনৈতিক কুৎসা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরের রাজনৈতিক মহলে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।