শীর্ষ আদালতে বড় স্বস্তি! মামলার শুনানির আগেই সাড়ে ৮ হাজার অফিসার দিচ্ছে নবান্ন

রাজ্যের এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মোড়। শীর্ষ আদালতের নির্দেশে সাড়া দিয়ে নবান্ন জানিয়েছে, এসআইআর-এর কাজের জন্য রাজ্য ৮,৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক দিতে প্রস্তুত। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি শুরুর আগেই কমিশনকে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ভিন রাজ্য থেকে অফিসার আনার প্রয়োজনীয়তা কমবে এবং বাংলা ভাষা জানা আধিকারিকদের মাধ্যমেই ভোটার তালিকার সংশোধনের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই ভোটার তালিকায় নামের বানান বিভ্রাট নিয়ে সরব হয়েছিলেন। আদালতও স্পষ্ট করে দেয় যে, সামান্য ভুলের জন্য যেন ভোটার তালিকা থেকে নাম বাদ না যায়। এই পরিস্থিতি সামাল দিতেই অভিজ্ঞ কর্মকর্তাদের তালিকা জমা দিল রাজ্য সরকার। এখন দেখার, বিপুল সংখ্যক এই আধিকারিক নিয়োগের পর নির্ধারিত সময়ে ভোটার তালিকা প্রকাশিত হয় কি না। মামলার পরবর্তী শুনানিতেই রাজ্য ও কমিশনের চূড়ান্ত পদক্ষেপ স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।