আশিসের চোটের ধাক্কা সামলাতে মোহনবাগানে লোবেরার প্রাক্তন ‘শিষ্য’, কে এই ফুটবলার?
February 8, 20269:07 pm

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএল অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেল মোহনবাগান। অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিস রাই। তাঁর অভাব মেটাতে তড়িঘড়ি মহারাষ্ট্রের ডিফেন্ডার আমে রানওয়াড়েকে দলে নেওয়ার ঘোষণা করল সবুজ-মেরুন ব্রিগেড। রাইট ব্যাক পজিশনে অভিজ্ঞ এই ফুটবলারের সঙ্গে ২০২৫-২৬ মরশুম পর্যন্ত চুক্তি করেছে ক্লাব।
সের্জিও লোবেরার অত্যন্ত পরিচিত আমে এর আগে মুম্বই সিটি ও ওড়িশা এফসিতে কোচের অধীনে খেলেছেন। সোমবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে নামছেন তিনি। চোটের কবলে থাকা রক্ষণে আমে কতটা ভরসা জোগাতে পারেন, এখন সেটাই দেখার। এদিকে কেরালা ম্যাচের জন্য রবিবার রাত থেকেই অনলাইন টিকিট বিক্রি শুরু করার কথা জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।