৪ কোটির হীরাসহ বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার পাচারকারী! নেপাল থেকে দিল্লি যাওয়ার পথেই পর্দাফাঁস

নেপাল থেকে ভারতে হীরা পাচারের বড়সড় ছক বানচাল করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। গোপন খবরের ভিত্তিতে বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের ৮০৮.৩৩ ক্যারেট হীরা উদ্ধার করেছেন আধিকারিকরা। এই ঘটনায় দীপক কুমার মেহেতা নামে দিল্লির এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। কাঠমান্ডু থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর দিল্লি যাওয়ার উদ্দেশ্যেই তিনি বিমানবন্দরে পৌঁছেছিলেন বলে জানা গেছে।
অভিযুক্তের ব্যাগ তল্লাশি করে ১৬১.৬৬ গ্রাম ওজনের হীরা উদ্ধার করেন তদন্তকারীরা। ডিআরআই সূত্রে খবর, পাচারের উদ্দেশ্যে ওই ব্যক্তি কাঠমান্ডু থেকে সড়কপথে জলট্যাঙ্কি সীমান্ত হয়ে শিলিগুড়িতে প্রবেশ করেছিলেন। ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। আন্তর্জাতিক এই পাচারচক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।