সিবিআই অফিসার সেজে প্রেমের ফাঁদ! বারুইপুরের নাবালিকাকে অপহরণ ও লালসার শিকার বানিয়ে শ্রীঘরে বালিগঞ্জের যুবক

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভুয়া সাব-ইন্সপেক্টর পরিচয়ে ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হলো কুনাল কাশ্যপ দাস নামে এক যুবককে। বালিগঞ্জের বাসিন্দা ওই অভিযুক্ত বারুইপুরের মল্লিকপুরে ঘর ভাড়া নিয়ে নিজেকে প্রভাবশালী আধিকারিক হিসেবে জাহির করত। প্রেমের প্রলোভন দেখিয়ে গত চার মাস আগে সে ওই নাবালিকাকে অপহরণ করে ঠাকুরপুকুরের একটি ডেরায় আটকে রেখেছিল বলে অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ সোমবার রাতে ঠাকুরপুকুর এলাকায় হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে সিবিআইয়ের জাল পরিচয়পত্র উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত যুবক একজন পেশাদার প্রতারক এবং সে ভুয়া পরিচয় ব্যবহার করে একাধিক কমবয়সী মেয়েকে লক্ষ্য বানাত। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।