ভোটের আগেই বড় রদবদল! আমলা ও পুলিশ কর্তাদের জন্য কড়া ডেডলাইন দিল কমিশন

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গসহ পাঁচ ভোটমুখী রাজ্যের নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকদের বাধ্যতামূলক বদলি ও পোস্টিং নীতি কার্যকর করতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলা স্তরের প্রশাসনিক কর্তা, পুলিশ আধিকারিক এবং আবগারি দপ্তরের নির্দিষ্ট কর্মীদের বদলি প্রক্রিয়া সম্পন্ন করে কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।
নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনো আধিকারিক তিন বছরের বেশি এক জেলায় থাকলে বা নিজ জেলায় কর্মরত থাকলে তাঁকে সরিয়ে দিতে হবে। এছাড়া, আধিকারিকদের হলফনামা দিয়ে নিশ্চিত করতে হবে যে তাঁরা কোনো রাজনৈতিক প্রার্থীর নিকটাত্মীয় নন এবং তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনার লক্ষ্যে কমিশনের এই কঠোর অবস্থান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।