পরীক্ষার দু’দিন আগে ভোটার হওয়ার পরীক্ষা! শ্রীরামপুরে এসআইআর শুনানির লাইনে নাজেহাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার ঠিক দু’দিন আগে মঙ্গলবার শ্রীরামপুর মহকুমাশাসকের দপ্তরে এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হলেন একদল পরীক্ষার্থী। চাঁপদানি ও উত্তরপাড়া বিধানসভা এলাকার নতুন ভোটারদের ৬ নম্বর ফর্ম যাচাইয়ের কাজে সকাল থেকেই সেখানে ছিল লম্বা লাইন। পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ফেলে রোদ ও ভিড়ের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হন এই পড়ুয়ারা।
ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিযোগ, এই শুনানির ফলে তাঁদের মূল্যবান পড়াশোনার সময় নষ্ট হচ্ছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে। ভোটার তালিকায় নাম তোলাও জরুরি, তাই একপ্রকার বাধ্য হয়েই বই ফেলে লাইনে দাঁড়াতে হয়েছে তাঁদের। দীর্ঘ প্রতীক্ষার কারণে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। সরকারি এই প্রক্রিয়ার টাইমিং নিয়ে সচেতন মহলে ইতিমধ্যে অসন্তোষ ও প্রশ্ন উঠতে শুরু করেছে।