মেট্রোর ভোলবদল! ১,২০১ কোটির আধুনিকীকরণে সাধারণ যাত্রীদের ঠিক কী লাভ হবে?
February 11, 20265:21 pm

নিউজ ডেস্ক: আপনি কি প্রতিদিন মেট্রোর গুমোট গরমে নাজেহাল হন? আপনার এই ভোগান্তি দূর করতে এবার ১,২০১ কোটি টাকা খরচ করছে রেল। ব্লু লাইনের ভূগর্ভস্থ স্টেশনগুলিতে অত্যাধুনিক টানেল ভেন্টিলেশন ও এসি ব্যবস্থা বসানো হচ্ছে। এর ফলে শুধু যাত্রীদের স্বাচ্ছন্দ্যই বাড়বে না, টানেলের ভেতর ধোঁয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ায় জরুরি অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে।
সবচেয়ে বড় চমক হলো পরিবেশ রক্ষা। পুরনো জলনির্ভর কুলিং ব্যবস্থা বদলে ফেলায় বছরে প্রায় ১৮ কোটি লিটার ভূগর্ভস্থ জল বাঁচবে। এতে শহরের জলস্তর সুরক্ষিত থাকবে, যা পরোক্ষভাবে সাধারণ মানুষেরই দীর্ঘমেয়াদী উপকার করবে। আগামী চার বছরের মধ্যেই মহানায়ক উত্তম কুমার থেকে বেলগাছিয়া পর্যন্ত ১৫টি ভূগর্ভস্থ স্টেশন পুরোপুরি ভোল বদলে আধুনিক ও আরামদায়ক হয়ে উঠবে।