ইতিহাসে প্রথম! হেরিটেজ টয়ট্রেনে টিকিট পরীক্ষার দায়িত্বে পাহাড়কন্যা সরিতা, মুগ্ধ পর্যটকরা

দার্জিলিং হিমালয়ান রেলের দীর্ঘ ইতিহাসে নজির গড়লেন পাহাড়ের মেয়ে সরিতা ইয়োলমো। হেরিটেজ টয়ট্রেনের প্রথম মহিলা টিকিট কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী ট্রেনের সিনিয়র সিটিসি হিসেবে কাজ করার সময় পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। পুরুষশাসিত পেশার অদৃশ্য প্রাচীর ভেঙে সরিতার এই সাফল্য নারীশক্তির এক অনন্য নিদর্শন হয়ে রইল।
সোনার মেয়ে সরিতা বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা হলেও তাঁর শিকড় পাহাড়ের সোনাদায়। দীর্ঘদিনের রেলকর্মী সরিতা এর আগে দূরপাল্লার ট্রেনে কাজ করলেও নিজের জন্মভূমির ঐতিহ্যবাহী টয়ট্রেনে এই নতুন অভিজ্ঞতাকে বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন। পর্যটকরা তাঁর সাথে ছবি তুলে এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখেন। ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরি সরিতার এই কৃতিত্বকে আগামী প্রজন্মের নারীদের জন্য বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন।