শীত কি সত্যিই বিদায় নিচ্ছে? আলিপুরের পূর্বাভাসে মাথায় হাত সাধারণ মানুষের!
February 11, 20266:28 pm

নিউজ ডেস্ক : আপনি কি এখনও আলমারিতে শীতের পোশাক তোলেননি? তাহলে সাবধান! দক্ষিণবঙ্গজুড়ে রোদের তেজ যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের নাজেহাল হওয়ার জোগাড়। বাঁকুড়া থেকে কলকাতা—সর্বত্রই পারদ ৩০ ডিগ্রির ঘর ছুঁইছুঁই। ভোরের দিকে সামান্য আমেজ থাকলেও দুপুরে কড়া রোদে দরদর করে ঘামছেন পথচারীরা। আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়ায় অসুস্থ হওয়ার ঝুঁকিও বাড়ছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উপকূলীয় এলাকায় জলীয় বাষ্প বেশি থাকায় প্যাচপ্যাচে গরম আরও ভোগাবে। রাঢ় বাংলা থেকে শুরু করে উত্তরের জেলাগুলোতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ফলে একদিকে যেমন ফসলের ক্ষতি নিয়ে চাষিরা চিন্তায়, অন্যদিকে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে ফ্যান বা এসি চালানোর বাড়তি বিদ্যুৎ খরচে। এখন থেকেই গরমে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।