জেলবন্দি রাজপালের পাশে সালমান-অজয়! ইন্ডাস্ট্রিতে ‘বন্ধু নেই’ মন্তব্যের পর তোলপাড় বলিউড

ঋণ খেলাপি ও চেক বাউন্স মামলায় বর্তমানে তিহার জেলে রয়েছেন অভিনেতা রাজপাল যাদব। আত্মসমর্পণের আগে বলিউডে তাঁর ‘কোনও বন্ধু নেই’ বলে আক্ষেপ করেছিলেন রাজপাল। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে মায়ানগরী। অভিনেতার পাশে দাঁড়াতে একজোট হয়েছেন সালমান খান, অজয় দেবগন এবং সোনু সুদের মতো তারকারা। সোনু সুদ তাঁর আগামী ছবিতে রাজপালকে অভিনয়ের সুযোগ ও অগ্রিম পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
রাজপালের ম্যানেজার জানিয়েছেন, সোনু সুদ ছাড়াও ডেভিড ধাওয়ান ও বরুণ ধাওয়ানের মতো ব্যক্তিত্বরা সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজনীতিক তেজ প্রতাপ যাদব ১১ লক্ষ টাকা এবং সঙ্গীত প্রযোজক রাও ইন্দ্রজিৎ সিং ১.১১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন। ২০১০ সালে ছবি তৈরির জন্য নেওয়া ঋণের মামলাটি বর্তমানে বিচারাধীন। আগামী ফেব্রুয়ারির শেষেই অভিনেতার কারামুক্তি ঘটবে বলে আশাবাদী তাঁর পরিবার ও ঘনিষ্ঠ মহল।