৮ মাসেই মোহভঙ্গ! অবনমন আতঙ্কে টমাস ফ্র্যাঙ্ককে ছাঁটাই করল টটেনহ্যাম
February 11, 20268:38 pm

নিউক্যাসলের কাছে হারের পর শেষরক্ষা হলো না। দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় প্রধান কোচ টমাস ফ্র্যাঙ্ককে ছাঁটাই করল টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লিগে ১৬ নম্বরে থাকা দলটি বর্তমানে অবনমন অঞ্চল থেকে মাত্র পাঁচ পয়েন্ট দূরে দাঁড়িয়ে। চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফল করলেও ঘরোয়া লিগে টানা আট ম্যাচে জয়হীন থাকায় শেষ পর্যন্ত ধৈর্য হারাল ক্লাব কর্তৃপক্ষ।
অ্যাঞ্জ পোস্টেকোগলুর উত্তরসূরি হিসেবে ২০২৮ পর্যন্ত চুক্তি থাকলেও উত্তর লন্ডনের ক্লাবের চাপ সামলাতে ব্যর্থ হলেন ফ্র্যাঙ্ক। চোট এবং অধিনায়ক রোমেরোর লাল কার্ডের সমস্যায় জর্জরিত দল শেষ ১৭ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির পরিবর্তনের জন্যই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অবনমন বাঁচানোই এখন স্পার্সের প্রধান চ্যালেঞ্জ।