মুখ্যমন্ত্রী হিমন্তের বিপদ বাড়ছে? ঘৃণা ভাষণের অভিযোগে এবার সুপ্রিম কোর্টে আসামের বিশিষ্ট শিক্ষাবিদ!

নির্বাচনের মুখে ঘৃণা ভাষণের অভিযোগে বড়সড় আইনি বিপাকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সংখ্যালঘুদের লক্ষ্য করে উস্কানিমূলক মন্তব্য ও বিতর্কিত ভিডিও পোস্ট করার প্রতিবাদে এবার সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ হীরেন গোহাইন। ইতিপূর্বে বাম দলগুলোর করা মামলায় শীর্ষ আদালত উষ্মা প্রকাশ করলেও, এবার খোদ আসামের অরাজনৈতিক ব্যক্তিত্বের এই পদক্ষেপে চাপ বেড়েছে মুখ্যমন্ত্রীর ওপর।
বিধানসভা নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতি তীব্র করার যে অভিযোগ হিমন্তর বিরুদ্ধে উঠেছে, তা নিয়েই সরব হয়েছেন গোহাইন। প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলাটি গ্রহণ করেছে। সাম্প্রতিক একটি বিতর্কিত ভিডিও ঘিরে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টিও আবেদনে গুরুত্ব পেয়েছে। এখন দেখার, শীর্ষ আদালতের রায়ে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।