টিফিন বক্সে সাড়ে তিন কোটির হেরোইন! পুলিশি অভিযানে হাতেনাতে ধরা পড়ল পাচারকারী
February 11, 20269:16 pm

কলকাতা পুলিশের এসটিএফ ও রায়গঞ্জ জেলা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হলো প্রায় ৭০০ গ্রাম হেরোইন, যার বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় ওত পেতে বসেছিল বিশেষ দল। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই প্লাস্টিকের টিফিন বক্সের ভেতর থেকে মাদক ঠাসা সাতটি প্যাকেট উদ্ধার হয়।
ধৃত যুবকের নাম মহম্মদ সাব্বির শেখ, যার বাড়ি মালদার কালিয়াচকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সাব্বির একটি আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর নেপথ্যে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই বড়সড় সাফল্যে মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলতে অভিযান আরও জোরদার করার বার্তা দিয়েছে পুলিশ।