টিকিয়াপাড়ায় বন্ধ ঘরে বৃদ্ধার নিথর দেহ: একাকীত্ব নাকি অন্য কিছু? রহস্যভেদে পুলিশ
February 11, 20269:16 pm

হাওড়ার টিকিয়াপাড়ায় এক ষাটোর্ধ্ব বৃদ্ধার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সুমিতা দে, যিনি তাঁর বাপের বাড়িতে একাই থাকতেন। বুধবার সকালে দীর্ঘক্ষণ তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে বন্ধ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর নিথর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বৃদ্ধার শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি এবং অসুস্থতার কারণে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে নিঃসন্তান ওই বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।