পুরুলিয়া পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে আজই পৌঁছাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মহারাষ্ট্রের পুণেতে খুন হওয়া পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে আজ পুরুলিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা নাগাদ তিনি বরাবাজারের বাঁধডি গ্রামে পৌঁছে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তৃণমূল নেতৃত্ব এই সফর থেকেই কড়া বার্তা দিতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করছে।
২০২১ সাল থেকে পুণের একটি কারখানায় কর্মরত সুখেনের দেহ বুধবার উদ্ধার হয়। তৃণমূলের দাবি, ভাষাগত বিদ্বেষের কারণে তাঁকে পিটিয়ে মারা হয়েছে, যদিও মহারাষ্ট্র পুলিশ এই অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত বচসাকেই দায়ী করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।