কনকনে ঠান্ডা বিদায় নিয়ে কি এবার জাঁকিয়ে গরম পড়বে জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট – এক ঝলক NEWS বাংলা
February 13, 202610:26 am

NEWS DESK : বিদায়ের ঘণ্টা বাজিয়ে রাজ্য থেকে শীত কি তবে এবার বিদায় নিচ্ছে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও গরমের অনুভূতি বাড়বে। আগামী কয়েক দিনে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এখনই পুরোপুরি শীত কাটছে না, ভোরের দিকে এবং রাতে হালকা ঠান্ডার আমেজ বজায় থাকবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত আকাশ শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কুয়াশার দাপট দেখা গেলেও বেলার দিকে তা ফিকে হয়ে আসবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও মালদাতেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হয়েছে, যার ফলে শীতের দাপট কমে গরম অনুভূত হচ্ছে।