পার্লামেন্ট সদস্যকে পিটিয়ে খুনের অপরাধে শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ২০২২ সালের গণঅভ্যুত্থান চলাকালীন শ্রীলঙ্কার পার্লামেন্ট সদস্য অমরকীর্তি আথুকোরালাকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জন আন্দোলনকারীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে গাম্ফা হাই কোর্ট। রাজধানী কলম্বোর উপকণ্ঠে নিট্টাম্বুয়া এলাকায় উত্তেজিত জনতা ওই সংসদ সদস্য ও তাঁর দেহরক্ষীকে ঘিরে ফেলে নির্মমভাবে হত্যা করে। সিসিটিভি ফুটেজ এবং দীর্ঘ তদন্তের পর আদালত এই চরম শাস্তির রায় ঘোষণা করেছে।
তদন্তকারীদের মতে, গাড়ি ঘেরাও হওয়ার পর অমরকীর্তি আত্মরক্ষার্থে গুলি চালালে ভিড় আরও হিংস্র হয়ে ওঠে। প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে তাঁকে হিঁচড়ে বের করে পিটিয়ে খুন করা হয়। তৎকালীন অর্থনৈতিক সংকটের জেরে ঘটা সেই গণআন্দোলনে রাজাপক্ষে সরকারের পতন ঘটলেও, বর্তমান বামপন্থী সরকারের আমলে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হলো। দোষীদের কঠোর শাস্তি দিয়ে বিচার বিভাগ আইনের শাসন বজায় রাখার বার্তা দিয়েছে।