প্রাণঘাতী কুলের বীজ ফুসফুসে আটকে যাওয়া কিশোরীর প্রাণ বাঁচালেন এনআরএস হাসপাতালের চিকিৎসকরা – এক ঝলক NEWS বাংলা

প্রাণঘাতী কুলের বীজ ফুসফুসে আটকে যাওয়া কিশোরীর প্রাণ বাঁচালেন এনআরএস হাসপাতালের চিকিৎসকরা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বীরভূমের মল্লারপুরের এক ১৩ বছর বয়সী কিশোরীর ডান ফুসফুসে আটকে থাকা প্রায় ৩ সেন্টিমিটার দীর্ঘ একটি নারকেল কুলের বীজ সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের করলেন কলকাতার এনআরএস হাসপাতালের চিকিৎসকরা। পাঁচ দিন ধরে তীব্র শ্বাসকষ্টে ভোগার পর বৃহস্পতিবার তাকে অক্সিজেন সাপোর্টে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স-রে ও সিটি স্ক্যানে দেখা যায়, বীজটি শ্বাসনালীর মুখে আটকে ফুসফুসে বায়ু চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল।

চিকিৎসক জয়দীপ দেবের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ফাইবার-অপ্টিক ব্রঙ্কোস্কপি ও বিশেষ ‘ডরমিয়া বাস্কেট’ যন্ত্র ব্যবহার করে এই অসাধ্য সাধন করেন। চিকিৎসকরা জানান, শ্বাসনালীতে জৈব বস্তু আটকে গেলে তা ফুলে গিয়ে সংক্রমণ বা স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে, যা সঠিক সময়ে চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারত। বর্তমানে ওই কিশোরী স্থিতিশীল এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসকরা খাওয়ার সময় সকলকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *